
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের রাঙ্গাবালী উপজেলায় নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেল ৩ টায় উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজার আবাসন মাঠে আয়োজিত এ জনসভা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বক্তব্যে তিনি বলেন, “অতীতের মতো রাতে ভোট কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন আর হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে।” তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে বিএনপিকে ভোট দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মুন্সি।
জনসভা শেষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
জনসভায় মানুষের ঢল নামে। সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :