সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩ জেলে


Songbad Times প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন /
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩ জেলে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৬টি অবৈধ ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়।

রোববার (১৪ জুন) কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল, আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
এ সময় অবৈধ মৎস্য আহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০) নামে তিন জেলেকে আটক করা হয়। তাদের বাড়ি চরফ্যাশনের দুলারহাটসহ উপজেলার বিভিন্ন এলাকায়।

কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এসটি/এম