
শাকিল খান, লালমোহন (ভোলা)॥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেন শেখ হাসিনা সরকার তাদের ‘আয়না ঘরে’ বন্দি করে রাখত। অবৈধভাবে শেখ হাসিনা প্রায় ১৫ বছর ধরে দেশ শাসন করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, বিএনপি একটি ভদ্র ও সুশৃঙ্খল মানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খোলাফায়ে রাশেদীনের আদর্শে দেশ পরিচালনার চেষ্টা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ ইসলামী মূল্যবোধ ও ন্যায়নীতির আলোকে পরিচালিত হবে। এটি শহীদ জিয়ার আদর্শে গড়া দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন দল।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি তিনবার মন্ত্রী ও ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু কোনো দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। তবে শেখ হাসিনা সরকারের সময়ে তাকে পাঁচবার মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে এবং পরে জামিনে মুক্তি পেতে হয়েছে।
জনসভায় তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যোগ্য ও সৎ প্রার্থী বিবেচনা করে ভোট দেওয়াই হবে দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাউদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মেম্বার, সাবেক ছাত্রদল আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাসুদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসটি/এম
আপনার মতামত লিখুন :