সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

দক্ষিণ আইচায় যৌথ বাহিনীর টহল জোরদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা


Songbad Times প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৬:২১ অপরাহ্ন /
দক্ষিণ আইচায় যৌথ বাহিনীর টহল জোরদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের পর দক্ষিণ আইচা থানার আওতাধীন দক্ষিণ আইচা বাজার, নতুন বাজার ও বাবুর হাট এলাকায় দিনব্যাপী যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহল কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ আইচা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস এবং দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।

টহলকালে যৌথ বাহিনীর সদস্যরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয় এবং নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, হুমকি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এছাড়া ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

যৌথ বাহিনীর টহলের কারণে এলাকায় কিছুটা সতর্ক ও টানটান পরিস্থিতি বিরাজ করলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, “আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যবসা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও অভিযান অব্যাহত থাকবে।”