জরুরী নাম্বার সমূহ :

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, বিজেপি কার্যালয়ে হামলা


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন /
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, বিজেপি কার্যালয়ে হামলা

ভোলা প্রতিনিধি॥ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরের নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:মাদ্রাসার শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস দখল করে বসবাস, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান

ভোলার চার সংসদীয় আসনে ১ নারীসহ ৩১ প্রার্থীর মনোনয়ন দাখিল

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে অগ্রসর হওয়ার সময় মিছিলের পেছনের অংশে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় মিছিলে অংশ নেওয়া একদল নেতাকর্মী উত্তেজিত হয়ে নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে হামলা চালায়। প্রায় আধাঘণ্টা ধরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন অভিযোগ করে বলেন, গত ২৪ ডিসেম্বর রাজাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাতকে বিজেপির কর্মীরা কুপিয়ে হত্যা করে। এর প্রতিবাদেই শান্তিপূর্ণভাবে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু নতুন বাজার এলাকায় পৌঁছালে বিজেপির অফিস থেকে মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়, ফলে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।

অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির জেলা কার্যালয়ে হামলা চালান। সে সময় অফিসটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। তারা অফিসের গেটের তালা ভেঙে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিএনপির একটি মিছিল নতুন বাজার এলাকা অতিক্রম করার সময় বিজেপির অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কিছু লিফলেট ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিজেপি কার্যালয়ের ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে অবগত হয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

এসটি/এম