
ভোলা প্রতিনিধি॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৪ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৩ জন, গণঅধিকার পরিষদ থেকে ২ জন, আম জনতার দল থেকে ২ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ৬ জন।
ভোলা-১ (ভোলা সদর):ভোলা সদর আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির গোলাম নবী আলমগীর, জামায়াতের মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির মো. আকবর হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশরাফ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন রফিজুল হোসেন।
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন):
এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির মো. হাফিজ ইব্রাহিম, জামায়াতের মো. ফজলুর করিম, জাতীয় পার্টির এডভোকেট জাহাঙ্গীর আলম রিটু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোকফার উদ্দিন চৌধুরী, আম জনতার দলের মো. আলাউদ্দিন ও খেলাফত মজলিসের মো. আবদুস সালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগম।
ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন):এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণঅধিকার পরিষদের আবু তৈয়ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলেউদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন রহমত উল্লাহ সেলিম।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা):এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জামায়াতের অধ্যক্ষ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন, আম জনতার দলের মো. জালাল উদ্দিন রুনী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন মো. রফিকুল ইসলাম।
ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :