
দুলাল হোসেন, বাউফল (পটুয়াখালী)॥পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুরে ডুবে মো. রাফসান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাফসান তার নানাবাড়িতে থাকত। তার বাবা মো. সুমন ও মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রাফসান বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি প্রাণ হারায় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
স্থানীয়দের ধারণা, খেলতে খেলতে অসাবধানতাবশত রাফসান পুকুরে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, “এই শিশু ছিল পরিবারের নয়নের মণি। তার এমন করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা গভীরভাবে শোকাহত।”
রাফসানের অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :