সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

নায়ক সালমান শাহ’র ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ন /
নায়ক সালমান শাহ’র ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন এই নায়ক। তার হঠাৎ মৃত্যুর খবর যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। সময় যতই এগিয়ে যাক না কেন, এই দিনে কোটি ভক্তের মনে আবার জেগে ওঠে শোক, বিস্ময় আর গভীর ভালোবাসা।

সালমান শাহের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে। মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় অনন্য ইতিহাস গড়েন। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও শুরু থেকেই এ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখনো পর্যন্ত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকলেও তার প্রকৃত মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি।

সালমান শাহর মৃত্যুতে শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, পুরো বাংলাদেশ হারিয়েছিল এক প্রিয় মুখ, এক আশার প্রতীক। তার অকাল প্রয়াণ দেশের চলচ্চিত্র শিল্পে যে শূন্যতা তৈরি করেছে, তা আজও পূরণ হয়নি। মৃত্যুর পরও তিনি রয়েছেন অগণিত ভক্তের মনে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় এখনো তার সিনেমা ও নাম নিয়ে চলে ট্রেন্ডিং। তরুণ প্রজন্ম এখনো অনুসরণ করে তার স্টাইল ও ক্যারিশমা। সালমান শাহ আজ শুধু অভিনেতা নন, তিনি এক কালজয়ী সাংস্কৃতিক প্রতীক।

আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্রের এ চিরঅমলিন নায়ককে। কোটি হৃদয়ের নায়ক সালমান শাহ বেঁচে আছেন তার কাজ ও দর্শকের ভালোবাসায়।

এসটি/এম