সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে ‎যোগদান


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন /
জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে ‎যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুল মাল (কোষাধ্যক্ষ) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

‎যোগদান অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, ‘‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।’

‎অন্যদিকে মাওলানা ওমর ফারুক বলেন, ‘দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।’

‎এসময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির অ্যাপায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্য দিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বছর পর সে যে কোনো দলে যোগাদান করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকী যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনো জামায়াতে ইসলামীর রাজনীতিও করেনি।

এসটি/এম