সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিতের আহ্বান অ্যাডভোকেট হেলালের


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন /
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিতের আহ্বান অ্যাডভোকেট হেলালের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

শুক্রবার (৮ আগস্ট) সকালে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সকাল ৮টা থেকে শুরু হওয়া সম্মেলন চলে দুপুর ১২টা পর্যন্ত।

অ্যাডভোকেট হেলাল বলেন, “গত ৫৪ বছরে মানুষ সব দলের শাসন দেখেছে। এখন তারা ইসলামী শাসন দেখতে চায়। সব দলের শাসনের অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, “সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজির আর কোনো স্থান বাংলাদেশে থাকবে না।”

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন,জামায়াতে ইসলামী ভোলা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম,জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মহিববুল্লাহ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেনকে চরফ্যাশন পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে চরফ্যাশনের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধি ও স্থানীয় সংগঠনের নেতারা অংশ নেন।

এসটি/এম