সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন /
চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ

ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে যাত্রী, শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। ইজারাদারের লোকজন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ আইচা থানার অন্তর্গত চরকচ্ছপিয়া ঘাটে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় শ্রমিক, যাত্রী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

বিক্ষোভে বক্তৃতা দেন চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি ও চরমানিকা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনসার উদ্দিন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক সরদার, ইউনিয়ন যুবদল নেতা সেলিম, আব্বাস মুন্সী, ওয়ার্ড মৎস্য দলের নেতা নোমান হাওলাদার এবং ছাত্রদল নেতা আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ঘাটে ইজারাদারের পক্ষের কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।

চরপাতিলার যাত্রী ফিরোজ জানান, টিকিট বাবদ ১০ টাকার সঙ্গে এক ব্যাগ চাল নামানোর জন্য ২০ টাকা দিতে হচ্ছে। ঢালচরের যাত্রী সোহেল বলেন, প্রতিদিন যাতায়াতের সময় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, যা এক ধরনের অন্যায়। শ্রমজীবী জহির হোসেন অভিযোগ করেন, “কষ্ট করে মাল আনি, অথচ ঘাটে এসে দ্বিগুণ টাকা দিতে হয়।”

অভিযোগের বিষয়ে আলাউদ্দিন চৌকিদার বলেন, তিনি ইজারাদার নন, তার ছেলে ইজারাদারের হয়ে কাজ করছেন। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে, দাবি করেন তিনি। তার ভাষ্য, বিক্ষোভকারীরা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলছেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসটি/এম