সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বকসি’র গণসংযোগ


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৩:১১ অপরাহ্ন /
চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বকসি’র গণসংযোগ

ভোলার চরফ্যাশন উপজেলার ১৮ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সমাজসেবক মো. মিজানুর রহমান বকসি গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ফকিরহাট, ঢালিরহাট, শিবারহাট, আব্দুল্লাহপুরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানিয়ে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে প্রবীণ ব্যক্তি, তরুণ, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মিজান বকসি। তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

মিজানুর রহমান বকসি আব্দুল্লাহপুর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা আবু তাহেরের ছেলে এবং ঐতিহ্যবাহী বকসি বাড়ির সন্তান।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতার মাধ্যমে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে বলে জানান তার সমর্থকরা।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিজানুর রহমান বকসি বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত আবদুল্লাহপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।”

মিজানুর রহমান বকসি আরও বলেন, নির্বাচিত হলে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এসট/এম