সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চরফ্যাশনে বিএনপির দুই নেতা বহিষ্কার


Songbad Times প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন /
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চরফ্যাশনে বিএনপির দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফারুক এবং তার ছেলে হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে জমি দখলসহ দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা প্রথমে হাফেজ ফারুক ও মো. হারুনের বিরুদ্ধে এসব অভিযোগ উপজেলা বিএনপির নেতাদের অবহিত করেন। পরে অভিযোগের সত্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা রয়েছে, দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দলবাজি, সন্ত্রাস বা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসটি/এম