সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছেন:নুরুল ইসলাম নয়ন


Songbad Times প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন /
একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছেন:নুরুল ইসলাম নয়ন

ভোলা প্রতিনিধি॥ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিভ্রান্তি সৃষ্টি করে নারী ভোটারদের সমর্থন আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক ও পথসভায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ভোটারদের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করা হবে। সালিশের নামে নিরীহ মানুষের হয়রানি, জমি দখল এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এসব অপকর্মে জড়িতদের তালিকা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল স্থাপনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়া যাবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কার্ড চালু করা হবে, যাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা গ্রহণ সহজ হয়। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড, যার মাধ্যমে বীজ, সারসহ বিভিন্ন কৃষি সুবিধা পাওয়া যাবে।

শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বিএনপির উপজেলা নেতৃবৃন্দসহ ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসটি/এম