
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন,স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “গণতন্ত্র ধ্বংস করে বাপ–বেটি দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। শেখ মুজিব সব দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, আর শেখ হাসিনা সেই পথেই দেশ চালিয়েছেন।”
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম আরও বলেন, “শেখ মুজিব রক্ষীবাহিনী দিয়ে ত্রিশ হাজার রাজনৈতিক নেতা–কর্মী হত্যা করেছিলেন। একইভাবে শেখ হাসিনা তার শাসনকালীন সময়ে বিরোধী দলের নেতা–কর্মীদের রক্ত ঝরিয়েছেন। নিজেকে স্বৈরশাসক প্রমাণ করেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন তিনি। এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জনগণ ইতোমধ্যেই তাকে প্রত্যাখ্যান করেছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে হবে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামী প্ল্যাটফর্ম।”
তিনি দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বানও রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসটি/এম
আপনার মতামত লিখুন :