
নিউজ ডেস্ক॥জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর মধ্যে তিনজন মারা গেছেন, রোববার এ খবর জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
বিধ্বস্ত হেলিকপ্টার থেকে পাইলট হিরোশি হামাদা (৬৬), যান্ত্রিক কর্মী কাজুতো ইয়োশিতা এবং ২৮ বছর বয়সী নার্স সকুরা কুনিতা জীবিত উদ্ধার হয়েছেন, জানিয়েছে জাপান টুডে। তারা সাগরে লাইফসেভারে ভেসে ছিলেন, যদিও তাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল।
অন্যদিকে, চিকিৎসক কেই আরাকাওয়া (৩৪), রোগী মিতসুকি মোটেইশি (৮৬) এবং তার পরিচারক কাউয়োশি মোটেইশি (৬৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে জাপানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে।
উদ্ধার অভিযান পরিচালনা করতে কোস্ট গার্ড দুটি বিমান এবং তিনটি জাহাজ মোতায়েন করে।
অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি, যা জাপানিদের কাছে ‘ডাক্তার হেলিকপ্টার’ নামে পরিচিত, নাগাসাকির সুশিমা বিমানবন্দর থেকে ফুকুওকার একটি হাসপাতালে যাচ্ছিল।
হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনও তদন্তাধীন রয়েছে, জানিয়েছেন কোস্ট গার্ড।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :