জরুরী নাম্বার সমূহ :

নামাজ পড়তে না গিয়ে মোবাইল ব্যবহার করায় মায়ের বকুনি, অভিমানে গৃহবধূর আত্মহত্যা


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন /
নামাজ পড়তে না গিয়ে মোবাইল ব্যবহার করায় মায়ের বকুনি, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ভোলার লালমোহন উপজেলায় অভিমান থেকে আত্মহত্যা করেছেন ছায়েরা বেগম (১৭) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার রাতে বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় কুট্টি হাজী বাড়ির জাহিদুল ইসলামের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় ছায়েরার মা পিয়ারা বিবি বারবার তাকে মাগরিবের নামাজ আদায়ের জন্য বলেন। কিন্তু ছায়েরা মোবাইল ব্যবহার করতে থাকায় মা ক্ষুব্ধ হয়ে বকাঝকা করেন এবং নিজে নামাজে চলে যান। কিছুক্ষণ পর তিনি মেয়ের ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায় ছায়েরাকে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামালেও ততক্ষণে মৃত্যু ঘটে।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এসটি/এম