
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া।
শনিবার (৫ জুলাই) সকালে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার সম্ভব হবে।”
চরফ্যাশনের চর কচ্ছপিয়া, চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, মৃধা বাজার, মিনা বাজার, শিবা চৌমহনী, দক্ষিণ শিবা, খেজুরগাছিয়া ও অলি বেপারী বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি জনসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া জুলাই আন্দোলনে নিহত চরফ্যাশনের শহীদ ওমর ফারুক এর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। একইদিন কচ্ছপিয়া বাজার জামে মসজিদে উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য সরকার গঠন করতে হবে।”
নিজের নির্বাচনী প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, “চরফ্যাশন-মনপুরার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে এ অঞ্চলের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”
এসটি/এমএম
আপনার মতামত লিখুন :