সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

জামায়াত ক্ষমতায় গেলে বাজেটের এক টাকাও দুর্নীতি হবে না: অধ্যাপক মজিবুর রহমান


Songbad Times প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন /
জামায়াত ক্ষমতায় গেলে বাজেটের এক টাকাও দুর্নীতি হবে না: অধ্যাপক মজিবুর রহমান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় বাজেটের একটি টাকাও দুর্নীতিতে যাবে না। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকে দুর্নীতি ও অর্থপাচারে জড়ালেও জামায়াতের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের স্বাধীনতার ৫৪ বছরে জনগণ তিনটি বড় রাজনৈতিক দলের শাসন দেখেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তারা দুর্নীতি, অর্থপাচার ও সন্ত্রাস বন্ধ করতে পারেনি। অথচ জামায়াতের দুজন মন্ত্রী ও ২২ জন সংসদ সদস্য থাকলেও তাদের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”

অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ জানানোর জন্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে। বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করে যুব সমাজকে আত্মমর্যাদার সঙ্গে গড়ে তোলা হবে।

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “দুর্নীতি বন্ধ হলে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে অর্থের সংকট থাকবে না।”

এ সময় তিনি ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

ভোলা-৪ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ এবং হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতারা।

এদিকে জনসভা শেষে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতের নারী-পুরুষ কর্মী ও সমর্থকদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে ১৫-২০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এসটি/এম