সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্টগার্ড


Songbad Times প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ১০:২১ অপরাহ্ন /
ভোলায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্টগার্ড

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বেইস ভোলার একটি পরিত্যক্ত স্থানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সংবাদ সম্মেলনে জানান, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‌্যাবের যৌথ অভিযানে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন ঝাউবনে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কৌশলে ফিশিং ট্রলারে করে পাচারের সময় জালের মধ্যে লুকানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ১৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়। জব্দকৃত ইয়াবার মধ্যে নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে গত ২৬ মার্চ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বরিশাল বন্দর থানার কীর্তনখোলা নদীসংলগ্ন কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল ১০টায় ৯৯,৯৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, মাদক নির্মূলে তাদের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসটি/এমএইচ