
মো.দুলাল হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি হওয়ার পর প্রথমবারের মতো বাউফলে আগমনের পর ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে তাঁর কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
এ সময় হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং চিকিৎসা সেবার পরিবেশ উন্নয়নে গুরুত্বারোপ করা হয়। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনসেবার প্রথম ধাপ হচ্ছে জনগণের মৌলিক সেবার মান নিশ্চিত করা। একটি হাসপাতাল শুধু চিকিৎসার স্থান নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা ও আশার কেন্দ্র। তাই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, বাউফলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।
স্বাস্থ্যখাত, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় নেতাকর্মী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। স্থানীয়রা জানান, এমপি হওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা একটি ইতিবাচক উদ্যোগ। এতে স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বাউফলে আগমনের মধ্য দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদের জনকল্যাণমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে মনে করছেন স্থানীয়রা।
উপস্থিত সকলের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি এমপি না এমপি আপনারা এমপি বাউফলের সাধারণ জনতা। আমি শুধু আপনাদের খামেম। আমি আপানাদের সন্তান কিংবা ভাই হিসেবে সেবা করতে চাই।
নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের ভিতর এবং বাহিরের অনেক অংশ পরিষ্কার করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে অনেকেই তার এহেন কর্মকান্ডের প্রশংসা করেছেন।
এ সময় তার সাথে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবদুর রউফসহ বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সুধীজন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাউফল উপজেলার আমির ইসাহক মিয়াসহ অসংখ্য জামায়াত, শিবির নেতা উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :