
নকলা (শেরপুর) প্রতিনিধি:নকলা-এ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নেতৃবৃন্দ পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় অবস্থিত এমপির বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানান। এ উপলক্ষে সোমবার রাতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এমপি ফাহিম চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বৈষম্যমুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমানুষের ভাবনার সঠিক প্রতিফলন গণমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্নীতিসহ সকল প্রকার অপরাধ নির্মূলে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের আত্মসমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারো রাজনৈতিক সমর্থন বিবেচ্য নয়। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা সবার জন্য সমান।”
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
এসময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :