
ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলেই সাধারণ মানুষ দ্রুত ও সঠিক বিচার পাবে এবং গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মাতলিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামলা গোলদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।
এছাড়াও সভায় গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয়কারী মো. রিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :