সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং


Songbad Times প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন /
চরফ্যাশনের দুলারহাটে নৌবাহিনী–পুলিশের যৌথ ফুট পেট্রোলিং

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় যৌথভাবে ফুট পেট্রোলিং পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নৌবাহিনীর কমান্ডার সৈয়দ মোস্তফা আমনুন আহমেদ (ই) বিএন এর নেতৃত্বে এ পেট্রোলিং কার্যক্রম শুরু হয়। এতে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশগ্রহণ করে।

দুলারহাট আদর্শ কলেজ এলাকা থেকে শুরু হয়ে দুলারহাট বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানগুলোতে এ পেট্রোলিং পরিচালিত হয়। নির্বাচনী সময়ে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে অবৈধ অস্ত্র বহন, মজুত ও ব্যবহার যে আইনত দণ্ডনীয় অপরাধ—সে বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যেকোনো নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

নৌবাহিনী ও পুলিশ জানায়, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এসটি/এম