সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল:নুরুল ইসলাম নয়ন


Songbad Times প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন /
খুচরা টাকার বিনিময়ে নারীদের ভোট কেনার অপচেষ্টা করছে একটি দল:নুরুল ইসলাম নয়ন

ভোলা প্রতিনিধি॥ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ১৯৭১ সালে একটি রাজনৈতিক দল পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে দেশের মা-বোনদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, বরং তাদের হাতে তুলে দিয়েছিল। আজ সেই দলই ভোটের সময় নারীদের সম্মানকে খুচরো টাকার বিনিময়ে কেনার চেষ্টা করছে।

তিনি বলেন, “ভোটের আগে বিকাশ, নগদ কিংবা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে। কয়েক হাজার টাকার বিনিময়ে দেশের মা-বোনদের সম্মান নির্ধারণ করতে চাওয়া হচ্ছে। কিন্তু বিএনপির কাছে নারীর মর্যাদা ও দেশের মানুষের সম্মান সর্বোচ্চ।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এটি কোনো অনুগ্রহ নয়, নারীদের ন্যায্য অধিকার।”

তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, “আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও ভোটাধিকার কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট কোনো পণ্য নয়, এটি আপনার সাংবিধানিক অধিকার।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে আন্দোলন করেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কালো টাকা বা অবৈধ প্রভাবের ওপর নয়। নীতি ও আদর্শের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই।”

সমাজে অপরাধ দমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইভটিজিং, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো প্রশ্রয় দেবেন না। তাদের আইনের হাতে তুলে দিন। আমি কখনো কোনো অপরাধীকে ছাড়াতে পুলিশকে ফোন করবো না, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনাদের পাশে থাকবো।”

সমাবেশে কয়েক হাজার নারী ভোটার অংশ নেন। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসটি/এম