
সৈকত বাড়ৈ, বরিশাল প্রতিনিধি:আগৈলঝাড়া উপজেলা-এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে পরিণত হয়েছিল প্রাণের উৎসবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর ও রঙিন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এমন আয়োজন নিয়মিতভাবে চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীহার রঞ্জন বিশ্বাস। এসময় সহকারী শিক্ষকবৃন্দ—সুভাষ চন্দ্র বাড়ৈ, মৃণাল কান্তী বাড়ৈ, আরতী বাড়ৈ, দীপিকা হালদার, রঞ্জন কুমার বাড়ৈ, আফরোজা খানম ও সুইটি বেপারী উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল জেলা ছাত্রদল-এর সহ-সভাপতি তপন সরকার বিন্দু, বাবু রবীন্দ্রনাথ সরকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ক্রীড়া পর্বে দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য। শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে শিক্ষার্থীরা সবার প্রশংসা কুড়ায়।
সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের লুকিয়ে থাকা প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়। অভিভাবক ও দর্শকদের করতালি ও উৎসাহে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
সমাপনী পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সার্বিকভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সফল আয়োজনের জন্য শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ইতিবাচক প্রেরণা সঞ্চার করবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :