সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

আধুনিক হলদিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মকবুল খানের অঙ্গীকার


Songbad Times প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন /
আধুনিক হলদিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মকবুল খানের অঙ্গীকার

আমতলী (বরগুনা) প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও বরগুনার আমতলী উপজেলায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। উপজেলার সাতটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এসবের মধ্যে বরিশাল বিভাগের বৃহত্তম ইউনিয়ন হলদিয়ায় আলোচিত নাম হিসেবে সামনে আসছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ মো. মকবুল হোসেন খান।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দিন-রাত গণসংযোগ চালিয়ে স্থানীয় ভোটারদের আস্থা অর্জন করেছেন বলে দাবি তার। তিনি জানান, জনগণের সমর্থন নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত, বৈষম্যহীন এবং কর্মসংস্থানভিত্তিক একটি আধুনিক হলদিয়া ইউনিয়ন গড়াই তার লক্ষ্য। “ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না, সবাই সমান অধিকার ও মর্যাদা পাবে”—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মকবুল হোসেন খান।

স্থানীয়দের মতে, সততা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি দীর্ঘদিন ধরে পরিচিত। তরুণ সমাজসহ সাধারণ মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান একাধিক ভোটার। স্থানীয় ভোটার মো. জাকির হোসেন বলেন, “ভদ্র, শান্ত স্বভাবের মানুষ হিসেবে এবং জনপ্রিয়তার দিক দিয়ে মকবুল খান এগিয়ে আছেন।”

আরেক ভোটার মো. রিপন প্যাদা জানান, ২০২৪ সালে হলদিয়া-চাওড়া ইউনিয়নের সংযোগ সড়কের একটি গুরুত্বপূর্ণ আয়রন ব্রিজ ভেঙে গেলে নয়জনের প্রাণহানি ঘটে এবং লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় মকবুল হোসেন খানের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়, যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছেন।

এছাড়াও এমপির বাজার এলাকায় ভেঙে যাওয়া আরেকটি সেতুর স্থলে তার প্রচেষ্টায় কাঠের সেতু নির্মাণ হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে বলে জানান নাসির মিয়া নামের এক বাসিন্দা।

স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর হলদিয়া ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও সালিশ বাণিজ্যমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন তিনি। ফলে আমতলী উপজেলার মধ্যে ইউনিয়নটি একটি ইতিবাচক পরিচিতি পেয়েছে।

প্রবীণ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে অনেকেই মকবুল হোসেন খানকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে যোগ্য মনে করছেন।

এদিকে, এক বিবৃতিতে মো. মকবুল হোসেন খান আমতলী উপজেলার সর্বস্তরের জনগণসহ হলদিয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এসটি/এম